# Tags

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ

আব্দুর রউফ ভুঁইয়া কিশোরগঞ্জ প্রতিনিধি-পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে চাদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে ও কুপিয়ে হত্যার ঘটনায় কিশোরগঞ্জে বিক্ষোভ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা। নির্মম ও পৈশাচিক এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সংগঠনটি শুক্রবার (১১ জুলাই) রাতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শুক্রবার (১১ জুলাই) জেলা শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা চাদা না দেওয়ায় ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করার কাণ্ডকে ‘রাষ্ট্রীয় ব্যর্থতার চূড়ান্ত উদাহরণ’ হিসেবে আখ্যা দিয়ে হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন। তিনি বলেন,“রাজধানীর প্রাণকেন্দ্রে একজন নিরীহ ব্যবসায়ীকে চাদা না দেওয়ার কারনে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কেবল বর্বরতাই নয়; এটি আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির প্রকাশ।
তিনি আরও বলেন,“সোহাগ হত্যার মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— দেশে এখন কেউ নিরাপদ নয়। চাঁদাবাজদের না বললে আজ মৃত্যুই পুরস্কার।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার সেক্রেটারি মুহাম্মাদ সাদিকুল ইসলাম,ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, দাওয়াহ সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, সদর সভাপতি তাকরীম আহমাদ শাদাব, পৌর সভাপতি খাইরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের সাবেক সভাপতি জোবায়ের আহমাদ ।

সভায় বক্তারা বলেন,“এই হত্যাকাণ্ড শুধু সোহাগ নয়, বরং পুরো ব্যবসায়ী সমাজের ওপর হামলা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং চাই— সোহাগ হত্যার বিচার হোক দ্রুত, কঠোরভাবে।”

তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের বেপরোয়া করে তুলছে। দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।

সমাবেশের শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা খাইরুল্লাহ হুসাইনী। তিনি নিহত সোহাগের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিক্ষোভে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থান থেকে শতাধিক সাধারণ মানুষ ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তাদের কণ্ঠে ছিল—“সোহাগ হত্যার বিচার চাই চাঁদাবাজদের রক্ষা নয়, বিচার চাই”।

এ ঘটনায় সারা দেশের ন্যায় কিশোরগঞ্জে ও দেখা দিয়েছে জনমনে তীব্র ক্ষোভ ও চরম উদ্বেগ।